মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাজধানীর শ্যামপুর-কদমতলীর আলমবাগে অনুষ্ঠিত হয়েছে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শ্যামপুর ও কদমতলী থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের আলমবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, স্থানীয় মুরুব্বি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন ও অপারেশন) মোঃ আখিউল ইসলাম (বিপিএম ও পিপিএম), শ্যামপুর ও কদমতলী থানার এসি মোঃ এহসান, কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান এবং শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু ও সদস্য হাজী মোহাম্মদ মোজাম্মেল শিকদার।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী মোহাম্মদ তোফায়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাদকের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরুব্বি ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ঐক্যের বার্তা দেয়।
নিজস্ব প্রতিবেদক : 













