প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মহাখালীতে অবস্থিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। তিনি উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার সুযোগবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী ইশতেহারে দক্ষতাভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ভিশনের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, মূলধারার শিক্ষায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনঃঅন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দেওয়ার তাগিদ দেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। একই সঙ্গে মাঠপর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান (এনডিসি), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
উপানুষ্ঠানিক শিক্ষা ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কার্যকর মাধ্যম— ববি হাজ্জাজ
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- ১৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















