দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, সংসদে বিরোধীদলের ভূমিকা, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-তেল-গ্যাস সংকট, প্রবাসীদের অধিকার এবং দেশি-বিদেশি ও ভূরাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো-এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, সভায় জামায়াতে ইসলামীর আমীর দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভূমিকা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা ও জনদুর্ভোগের পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকটের সমাধানেও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে জামায়াতে ইসলামী প্রধান বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধীদলের নেতিবাচক রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধ করার নীতিগত সিদ্ধান্তের কথাও সম্পাদকদের জানানো হয়েছে।
তিনি বলেন, “জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক।” রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয়—এমন পরামর্শ সম্পাদকরা দিয়েছেন বলেও জানান তিনি।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। সম্পাদকরা অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা ভিন্ন ও গঠনমূলক বলে অভিমত দিয়েছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটি বিরোধীদলীয় নেতার প্রথম মতবিনিময় সভা। সভায় জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য রাখার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলের এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত ভূমিকা রাখলেও সংসদের স্পিকারের কাছ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
সম্পাদকদের লেখনির মাধ্যমে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেছেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদকে কার্যকর ও গঠনমূলক রাখতে শুধু বিরোধীদলের ভূমিকা যথেষ্ট নয়, সরকারকেও দায়িত্বশীল হতে হবে বলে সভায় মত দেওয়া হয়।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : 











