ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে রাজধানীর জুরাইনে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্যামপুর থানার জুরাইন এলাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
লিফলেটে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
লিফলেট বিতরণকালে জামায়াত নেতাকর্মীরা বলেন, ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নে জনমত গড়ে তোলা এবং লংমার্চ কর্মসূচিকে সফল করতে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিয়ে দাবিগুলোর প্রতি সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 











